প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও খেলনাসামগ্রী বিতরণ

ভোলা প্রতিনিধি: ভোলায় প্রতিবন্ধী শিশুদের মুখে হাঁসি ফোটাতে ভালোবাসার উপহার হিসেবে শিক্ষা ও খেলনাসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
সোমবার বিকালে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির অর্থয়ানে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক।
উপহারসামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তারা আমাদের সম্পদ। সুতারাং তাদের সম্পদ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন মাহমুদ শুভ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির নির্বাহী পরিচালক, অ্যাডওয়ার্ড রবীন বল্লভ প্রমুখ।



