বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন

বাংলা টিভি ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ৪০টি বেদে পরিবারকে খাসজমি, বেদেপল্লির ২৫ জন সদস্যকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
অনুষ্ঠানে ফরিদা খানম বলেন, সমাজের পিছিয়ে থাকা ও বিভিন্নভাবে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে পরিবারগুলোকেও এ ধরনের সহায়তার আওতায় আনা হবে।
তিনি বলেন, একটি সেলাই মেশিনকে কাজে লাগিয়ে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের আয়ের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি বেদেপল্লির বাসিন্দাদের বাড়ির আশপাশের খালি জায়গায় ফল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের জন্যও উৎসাহ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বেদেপল্লির বাসিন্দারা। তারা জানান, খাসজমি, সেলাই মেশিন ও সড়ক নির্মাণে আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে বেদেপল্লির বাসিন্দাদের পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। উপহার পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন।



