‘বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে’

বাংলা টিভি ডেস্ক: ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, ইতালিতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। ঘটনার বিষয়ে ইতালিতে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ধরনের ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখেন না উল্লেখ করে তিনি বলেন, দলটি তার কাছে একটি ‘মাফিয়া গ্যাং’। বাঁধনের ওপর হামলার ঘটনাটি সেই অবস্থানকে আরও স্পষ্ট করেছে। তার মতে, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার উদ্দেশ্য রাখত, তাহলে এ ধরনের সহিংস ঘটনা ঘটত না। বাংলাদেশের মাটিতে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ইতালিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে অবস্থানকালে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার দিকে ডিম, পানি ও কোমল পানীয় ছোড়া হয়। পরে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে বলেও জানান অভিনেত্রী।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলা ও হয়রানির বিষয়টি তুলে ধরেন আজমেরী হক বাঁধন।



