বাংলাদেশ

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ থেকে ২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায়, ইবতেদায়ি মাদ্রাসাসহ, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টিকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও খাদ্য সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তার পরিধি বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

এহছানুল হক মিলন বলেন, এই কর্মসূচির মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় ইবতেদায়ি মাদ্রাসাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে সংসদ সদস্যের প্রশ্নে জানতে চাওয়া হয়, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের ব্যবস্থা করলেও মাদ্রাসার শিক্ষার্থীরা কেন এ সুবিধার বাইরে রয়েছে। বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য কেন একই ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে না, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button