জামিনে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

গাজীপুর প্রতিনিধি( ডিজিটাল): প্রতারণার মামলায় দণ্ডিত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারা কর্তৃপক্ষের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিকীকে কারাগার থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, বিদিশার জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই করে নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেন মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ী মোশাররফ হোসেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে বিদিশা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন মোশাররফ হোসেন। পরে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে ৮০ লাখ টাকায় তাদের মধ্যে চুক্তি হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। রায়ে বিদিশা সিদ্দিকীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পরদিন ২৬ আগস্ট তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন বিদিশা সিদ্দিকী। শুনানি শেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সেই জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পান।



