শত্রুতার জেরে বর্গাচাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

বাংলা টিভি ডেস্ক: যশোরের ঝিকরগাছায় এক বর্গাচাষির পেঁপে বাগানের ১৮৬টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেনেয়ালী মাঠে এ ঘটনা ঘটে। এতে চাষির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নিজামউদ্দীন পাটোয়ারী উপজেলার ফতেপুর খালাসিপাড়ার বাসিন্দা। তিনি বেনেয়ালী মাঠে ১৫ কাঠা জমি বর্গা নিয়ে পেঁপে চাষ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় থেকে সাত মাস আগে ওই জমিতে পেঁপের চারা রোপণ করেন নিজামউদ্দীন। চাষাবাদে তার খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা। গাছগুলোতে এবার ভালো ফলনও হয়েছিল। আর সপ্তাহখানেক পর পেঁপে বিক্রি শুরু করার কথা ছিল তার। তবে মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় সব ফলন্ত গাছ কেটে দিয়েছে।
কৃষক নিজামউদ্দীন পাটোয়ারী বলেন, জমি বর্গা নেওয়ার খরচসহ চাষাবাদে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। গাছ কেটে দেওয়ায় তার মোট ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন জানান, গাছগুলোতে এ বছর প্রথমবারের মতো ফল এসেছিল। প্রতিটি গাছে আনুমানিক ২০ কেজি থেকে এক মণ পর্যন্ত পেঁপে ধরেছিল। ফলে গাছগুলো কেটে দেওয়ায় কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, কারা এবং কী কারণে পেঁপে গাছগুলো কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কৃষকের সঙ্গে কারও পূর্ববিরোধ ছিল কি না, কিংবা সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।



