গ্রাম বাংলাদেশবাংলা

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

এস এম তানবীর, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (২৮) নামের এক কাতারপ্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আইভী আক্তার কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রেরা জানান, সম্প্রতি আইভী আক্তার কালিকাপুর এলাকায় তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যার দিকে কালাম শরীফ ও তার স্ত্রী জরুরি পারিবারিক কাজে বাড়ির বাইরে যান। এ সময় ঘরে আইভী আক্তার সম্পূর্ণ একা ছিলেন। এই সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে চাচা কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে আইভীর রক্তাক্ত ও নিথর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কি না কিংবা এর পেছনে ডাকাতি, পারিবারিক বিরোধ বা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button