নাটোরে অবিবাহিত কিশোরীর মৃত সন্তান প্রসব

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক অবিবাহিত কিশোরী মৃত নবজাতক প্রসব করেছে। বুধবার ভোরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিশোরীটি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।
সূত্র জানায়, রাতে ওই কিশোরী এমএম কিট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে একটি মৃত নবজাতক প্রসব করে।
হাসপাতালে আসার পর কিশোরীর স্বামীর পরিচয় জানতে চাইলে বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, কিশোরীটি অবিবাহিত। পরে বিষয়টি লালপুর থানা-পুলিশকে জানানো হয়।
কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা নবজাতকের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত নবজাতকের মরদেহ থানা হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



