বাংলাদেশ

৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় দাস

বাংলা টিভি ডেস্ক: মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অনুমতি দেওয়া হয়।

এর আগে একই দিন সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাসের মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর ভাই রঞ্জন কুমার ধর।

চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আবেদনে রঞ্জন কুমার ধর উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের মা মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের উপস্থিতি পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকার সুযোগ না পাওয়ার পর অন্তত শেষকৃত্যে অংশ নেওয়া তাঁর জন্য বিশেষভাবে প্রয়োজন বলেও আবেদনে জানানো হয়।

আবেদনে বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় সময়ের জন্য চিন্ময় কৃষ্ণকে প্যারোলে মুক্তি দেওয়ার অথবা পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে শেষকৃত্যে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়। আবেদনের সঙ্গে সন্ধ্যা রাণী ধরের মৃত্যুসনদ এবং আবেদনকারীর পরিচয়পত্রের অনুলিপিও সংযুক্ত করা হয়েছিল।

পরে সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাঁকে পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

পুণ্ডরিক ধাম সূত্র জানিয়েছে, সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পর সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button