ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

বাংলা টিভি ডেস্ক: ভোলায় মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পাড়ধসে নদীতে পড়ে পাঁচ বন্ধু। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বিজিবির এক সদস্যসহ দুজন স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার বিজিবি সদস্য আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. রাকিব (২৬)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে জিওব্যাগের ওপর বসে গল্প করছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে পাঁচজনই নদীতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
আমজাদের স্বজনরা জানান, ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে তিনি নদীর পাড়ে গিয়েছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল বুধবার রাতেই নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছু সময় তল্লাশি চালালেও নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।



