বিনোদন

‘আমাকে আপনার প্রার্থনায় রাখবেন’

বিনোদন ডেস্ক: ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার পর দেশ-বিদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনে আপ্লুত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে যারা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি ভালোবাসা জানিয়ে বাঁধন তাঁর অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’

এ সময় বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

বাঁধন আরও জানান, তাঁর প্রতি ভক্ত ও দেশবাসীর ভালোবাসা তাঁকে আবেগাপ্লুত করেছে। মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় নিজেকে সৌভাগ্যবান ও গভীরভাবে কৃতজ্ঞ মনে করছেন তিনি। শেষ পর্যন্ত সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী লেখেন, ‘দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। সেখানে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কয়েকজন দুষ্কৃতকারী তাঁকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন মহল থেকে ঘটনার প্রতিবাদ জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ অভিনেত্রীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button