বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিদেশে আটক এসব নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে কূটনৈতিকভাবে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলীয় সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের কারাগার ও আটককেন্দ্রে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। কোনো বাংলাদেশি বিদেশে গ্রেপ্তার হলে তাকে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয়। ফলে সেই প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে হয়।
তিনি জানান, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক আটক থাকার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। সেখানে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি মামলার বিষয়ে পরামর্শ ও আইনি সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হয়।
কারও আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন। আবার বন্দির পরিবার নিজস্বভাবে আইনজীবী নিয়োগ করতে চাইলে তাদেরও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানান মন্ত্রী।
ড. খলিলুর রহমান বলেন, কোনো বন্দির মুক্তির জন্য জরিমানা পরিশোধের প্রয়োজন হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেই অর্থ পরিশোধের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার প্রয়োজন হলে বিমানের টিকিটের ব্যবস্থাও করা হয়। তবে পরিবারের আর্থিক সক্ষমতা না থাকলে প্রত্যাবাসনের খরচ সরকার বহন করে।
কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যুর ব্যবস্থাও করা হয়। পাশাপাশি বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রটোকল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সমন্বয়ে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের এসব সেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া বিশেষ পরিস্থিতিতে স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ ক্ষমার আবেদন জানিয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটক বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলেকে দেশে ফেরাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশে আটক বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগির একটি বিশেষ পোর্টাল চালু করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।



