সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ

বাংলা টিভি ডেস্ক: সরকারি অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দৃষ্টান্ত স্থাপন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, জনগণের করের অর্থ যেন কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নিজের জীবনযাপন ও সরকারি কার্যক্রমেও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ।
নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রের কোষাগারের অর্থ জনগণের টাকা। তাই এর একটি টাকাও যেন অপ্রয়োজনে ব্যয় না হয়, প্রধানমন্ত্রী সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। সরকারি কাজে কোনো ব্যয় হলে তার যথাযথ হিসাব ও কাগজপত্র দেওয়ার নির্দেশনাও রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনের উদাহরণ তুলে ধরে চিফ হুইপ বলেন, সরকারি অর্থের অপচয় ঠেকাতে তারেক রহমান মোটা ও সাদা কাপড় ব্যবহার করেন। একই সঙ্গে সরকারি গাড়ি, লোকবহর ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও ব্যয় কমানোর চেষ্টা করছেন তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিমানবন্দরে যাতায়াতের পরিমাণ কমানো হয়েছে এবং তার জন্য অতিরিক্ত গাড়ি বা বড় ধরনের লোকবহরও রাখা হচ্ছে না। অফিসে খাবারের ক্ষেত্রেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
আগের সরকারের ব্যয়ের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবারের ব্যয়ের তুলনা করে নুরুল ইসলাম মনি দাবি করেন, শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বছরে খাবারের পেছনে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত খাবারের বিল ১৫০ টাকা বলে উল্লেখ করেন তিনি।
চিফ হুইপ আরও বলেন, গত পাঁচ মাসে আগের সরকারের রেখে যাওয়া ঋণের মধ্যে ২০৫ কোটি ডলার পরিশোধ করেছে বর্তমান সরকার। তার ভাষ্য, জনগণের করের অর্থ দিয়েই এসব ঋণের দায় পরিশোধ করতে হচ্ছে। তাই সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, কোনো মন্ত্রী বা সংসদ সদস্য সরকারি কাজে বাইরে গিয়ে ব্যয় করলে শুধু বিল জমা দিলেই হবে না, ব্যয়ের যথাযথ প্রমাণ ও কাগজপত্রও দিতে হবে। এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় বন্ধ করা সম্ভব হবে।
নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্যোগ শুধু দেখানোর জন্য নিচ্ছেন না; বাস্তবেই সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছেন।



