বাংলাদেশ

ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখার ভেতর এক গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে নিজের টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তার চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চোর।

ঘটনার পর ওই দিন রাতেই দেবিদ্বার থানায় মামলা করেন জাকির হোসেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

ব্যাংকের ভেতরে টাকা চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

মামলার পর চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে পুলিশ। প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য সূত্রের ভিত্তিতে বিপ্লব হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঝিনাইদহে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, ঘটনার পর থেকেই পুলিশ চোর শনাক্তে কাজ করে আসছিল। শুক্রবার সকালে ঝিনাইদহ থেকে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button