বাংলাদেশ

কাশফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছে হাজারো মানুষ

এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) থেকে: পদ্মা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত মাদারীপুরের শিবচরে প্রকৃতি এখন সেজেছে শরতের নতুন সাজে। বর্ষার গ্লানি ধুয়ে প্রকৃতিকে যেন নতুন রূপে সাজিয়ে তুলতেই নদীর তীর ও বিভিন্ন চরে উঁকি দিয়েছে সাদা শুভ্র কাশফুল। আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে কাশফুলের দোল—সব মিলিয়ে এ জনপদে তৈরি হয়েছে এক অপরূপ নৈসর্গিক পরিবেশ।

উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীর ও নবনির্মিত উপশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাদা মেঘের সঙ্গে তাল মিলিয়ে বাতাসে দুলছে কাশবন। বিশেষ করে বিকেল নামলেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন এসব কাশফুলের বাগান ও চরাঞ্চলে।

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই কাশফুল ও এর চারপাশের মনোরম পরিবেশ হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেউ কাশফুল ছুঁয়ে দেখছেন, কেউবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছবি তুলছেন। ক্যামেরার ফ্রেমে বন্দী করছেন শরতের স্নিগ্ধ সৌন্দর্য। প্রিয়জন কিংবা কাছের মানুষদের নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে চরাঞ্চল।

কাশবনে ঘুরতে আসা নবদম্পতি মাসুম ও আফিয়া বলেন, শরৎকাল প্রকৃতির এক অসাধারণ সুন্দর ঋতু। এ সময় আকাশে সাদা-কালো মেঘের খেলা, হালকা বৃষ্টি আর মুহূর্তেই রোদের ঝলক—সবকিছুই তাদের কাছে ভীষণ ভালো লাগে।

আরেক দর্শনার্থী মনিকা মৌ বলেন, “বর্ষার পাশাপাশি শরৎকালও আমার খুব প্রিয়। এ সময় প্রকৃতির এক ভিন্নরূপ দেখা যায়। মাঠে মাঠে সবুজ ধান, চারদিকে কাশফুল আর আকাশে সাদা মেঘ—সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ তৈরি হয়।”

পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকা, বালুচরসহ দেশের বিভিন্ন নদীনালা ও চরাঞ্চলে এখন ফুটতে শুরু করেছে কাশফুল। শরতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন প্রকৃতির সান্নিধ্যে।

তবে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপরও জোর দিচ্ছেন সচেতন মহল। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও ময়লা-আবর্জনা না ফেলে কাশবন ও চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button