গ্রাম বাংলাদেশবাংলা

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চায়ের দোকানি আটক

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক সরদার নামের এক চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোবারক সরদার ওই এলাকার একজন চায়ের দোকানি।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক সরদার কৌশলে ওই কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নেন। ওই সময় ঘরে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয় এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

​অভিযোগ রয়েছে, ঘটনার তিন-চার দিন আগে অভিযুক্ত মোবারক সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

​এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে একটি সালিস বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত মোবারক উপস্থিত না থাকলেও তার পক্ষের লোকজন অংশ নেন। তবে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়। পরদিন শুক্রবার সকালে মোবারক কিশোরী ও তার পরিবারকে আবারও নানা ধরনের হুমকি দেন এবং দেখে নেওয়ার ভয় দেখান। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

​ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনায় আমার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’

​এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button