বাংলাদেশ

সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

বাংলা টিভি ডেস্ক: সম্পত্তির অংশ দাবি করেও তা না পাওয়ায় দাদা-দাদির থাকার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক গারো যুবকের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি এলাকা ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধরাটি গ্রামের বাসিন্দা ও গিটিস নকরেকের আত্মীয় অবিনাশ নকরেক। তাঁর ভাষ্য অনুযায়ী, গারো সম্প্রদায়ের প্রচলিত সাংস্কৃতিক রীতি অনুযায়ী পরিবারের সম্পত্তির মালিকানা সাধারণত মায়ের হাতে থাকে।

অবিনাশ জানান, গিটিসের মা শাপলী নকরেক প্রায় ১২ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। তাঁর তিন মেয়ে বর্তমানে ঢাকায় বসবাস করলেও বাড়িতে থাকেন বৃদ্ধ দাদা সনেন্দ্র চিরান ও দাদি সীতা নকরেক।

স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন গিটিস। তবে নেশায় জড়িয়ে পড়ার কারণে তিনি পরীক্ষায় অংশ নেননি বলে জানান স্বজনরা। সম্প্রতি মায়ের সম্পত্তিতে নিজের অংশ লিখে দেওয়ার জন্য তিনি দাদা-দাদির ওপর চাপ সৃষ্টি করছিলেন।

স্বজনদের দাবি, গারোদের প্রচলিত ভূমি আইন অনুযায়ী গিটিস মায়ের সম্পত্তির অংশ পাবেন না—এ কথা তাকে জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে রোববার ভোররাতে তিনি দাদা-দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দেন এবং পরে ওই ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

আগুনে ঘরে থাকা ধান-চাল, পোশাক, বাসনপত্র ও বিভিন্ন আসবাবসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button