বাংলাদেশপ্রধানমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ক। আর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালককে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটির মূল দায়িত্ব হবে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন উন্নয়ন ও সরকারি কার্যক্রমের বাস্তবায়ন তদারকি এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে সমন্বয় সাধন।

কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টাকে সদস্য করা হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইয়ের মহাপরিচালকও সদস্য হিসেবে থাকবেন।

পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেগুলোর আয়-ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতিও পর্যবেক্ষণ করবে জাতীয় কমিটি।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মপরিধি ও কার্যক্ষেত্র নির্ধারণেও কমিটি ভূমিকা রাখবে।

পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য জাতীয় কর্মকৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াও কমিটির অন্যতম দায়িত্ব। প্রয়োজনে যেকোনো মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কার্যক্রম বা সচিবালয়ের দায়িত্ব পালন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।

সংশ্লিষ্ট খবর

Back to top button