বাংলাদেশ

‘পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না’

বাংলা টিভি ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাঁর দাবি, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। পাশাপাশি তাঁর নিয়োগ প্রক্রিয়াতেও ত্রুটি ছিল এবং পুরো প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের গন্ধ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে ডব্লিউএইচওর পরবর্তী আঞ্চলিক পরিচালক নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন বলেও জানান তিনি। সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের নতুন অবস্থান তুলে ধরা হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ঢাকা প্রতিবেশী দেশটির সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ধরনের ঘটনা বন্ধ এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই করা হবে।

যুক্তরাষ্ট্র সফরের সময় রোহিঙ্গা সংকট নিয়েও বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে বলে জানান তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এদিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগের কথাও জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button