বাংলাদেশ

৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা হয়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ধরনের মামলা হয়েছে—এমন কোনো উদাহরণ থাকলে তা দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় পুলিশ বাদী হয়েছে—এমন একটি উদাহরণও তাকে দেখানো উচিত। তাঁর দাবি, গত দুই বছরে, বিশেষ করে ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা বা গায়েবি মামলা হয়নি।

তিনি বলেন, বর্তমানে কোনো ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ সেটি যাচাই করে তদন্ত করবে। কোনো অভিযোগের ভিত্তিতে মামলা নিতে পুলিশ অস্বীকৃতি জানাতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আগের পরিস্থিতির তুলনায় এখন মামলা ব্যবস্থাপনাকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় আনার চেষ্টা চলছে। তাঁর দাবি, আগের মতো মিথ্যা বা গায়েবি মামলা এখন আর হচ্ছে না।

সাতক্ষীরা আদালতে বিচারক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনা করা হবে। এ নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় মাদক, অস্ত্র ও স্বর্ণের চালান নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবিধান সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে এবং সরকার সে পথেই এগোচ্ছে। বিরোধী দলও বিষয়টি গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাতক্ষীরা সফর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, জায়গাটি তাঁর কাছে অত্যন্ত প্রিয়। এখানকার আবহাওয়া, পরিবেশ ও মানুষের আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

এর আগে সকালে সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনবিষয়ক সমন্বয় সভায় অংশ নেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button