ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল

বাংলা টিভি ডেস্ক: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে। এর পরিমাণ প্রায় ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর ডিপোতে চালানটির সরবরাহ সম্পন্ন হয়।
ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।
পার্বতীপুরে পৌঁছানো ডিজেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান অনুপাতে বিতরণ করা হবে।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা, নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওপর দিয়ে পাইপলাইনটি পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে এসে যুক্ত হয়েছে।
পাইপলাইনটি মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সীমান্তপথে জ্বালানি পরিবহন সহজ ও দ্রুত করার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ফ্রেন্ডশিপ পাইপলাইন ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর মাধ্যমে দুই দেশের আন্তঃসীমান্ত জ্বালানি সহযোগিতা আরও জোরদার হচ্ছে।



