বাংলাদেশ

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচ মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি এলাকা থেকে রাহুল নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে একদল মাদক কারবারি রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। একপর্যায়ে হামলায় কনস্টেবল মাসুদ আহত হন।

পাথর নিক্ষেপের মধ্যে সুযোগ বুঝে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারে রাতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। একই সঙ্গে পুলিশের ওপর হামলাকারীদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাহুলকে আটকের পর থানায় নেওয়ার সময় মাদক কারবারিরা রেললাইন থেকে একের পর এক পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। হামলার সুযোগে তারা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়।

ওসি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামি ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button