‘আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস’

বাংলা টিভি ডেস্ক: কল-কারখানায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সংকটের অবসান হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যবসায়ীদের পাওয়া আশ্বাসের কথা তুলে ধরেন এফবিসিসিআই প্রশাসক।
মো. ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে শিল্পকারখানাগুলো আগের সরবরাহ পরিস্থিতিতে ফিরতে পারবে বলে তারা আশা করছেন।
তিনি বলেন, ‘আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।’ ব্যবসায়ীদের কাছে এটিই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও জানিয়েছিলেন, গ্যাস সরবরাহের সাম্প্রতিক সংকট দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। বিকল্প উৎস থেকে আমদানি এবং সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন।
ব্যবসায়ীরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হলে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে গতি ফিরবে এবং চলমান সংকটও অনেকটা কমে আসবে।



