বাংলাদেশ

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, গ্রাহক ফোরামের নেতা আহত

বাংলা টিভি ডেস্ক: ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। পরে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গ্রাহক ফোরাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে জড়ো হন চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।

চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একই সময়ে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনসহ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল সচেতন গ্রাহক ফোরাম।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাক্কাধাক্কি ও হামলার ঘটনায় গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাকরিচ্যুত কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেখানে উত্তেজনা কমে যায়।

সংঘর্ষের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানায় সংগঠনটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button