বাংলাদেশ

এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি টাঙানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি সংগ্রহশালায় সাঁটানো হয়। ছবির নিচে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজায় অংশ নিতে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’

গোলাম আযমের ছবিটি টাঙিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

ছবিটি টাঙানোর বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্ক বড়ুয়া। তিনি বলেন, ডাকসু সংগ্রহশালার মূল উদ্দেশ্য বাংলাদেশের জনগণের সংগ্রাম ও ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণ করা।

জিন্নাহর ছবি সংগ্রহশালায় টাঙানোর প্রসঙ্গ উল্লেখ করে অর্ক বড়ুয়া বলেন, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নিজের ইচ্ছায় সেখানে জিন্নাহর ছবি লাগিয়েছেন বলে জানিয়েছিলেন। তার ভাষ্য, একইভাবে নিজের ইচ্ছা থেকেই তিনি গোলাম আযমের ছবি সেখানে টাঙিয়েছেন।

এর আগে ডাকসুর সংগ্রহশালায় থাকা ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরপরই গোলাম আযমের ছবি টাঙানোর ঘটনাটি সামনে এলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button