বাংলাদেশ

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। এ জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের অনুমতি এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্ধারিত একটি সেলে আদ্যশ্রাদ্ধের আয়োজন করতে চান চিন্ময়। এ উপলক্ষে প্রয়োজনীয় ধর্মীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থায় এবং নির্দিষ্ট শর্তে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। শেষকৃত্য শেষে তিনি আবার কারাগারে ফিরে যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের অভ্যন্তরে এ ধরনের ধর্মীয় আচার পালনের নজির খুবই সীমিত। তাই বিষয়টি সরাসরি অনুমোদন না দিয়ে কারাবিধি, নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট আইনগত বিষয় পর্যালোচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button