মাদারীপুরে জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন পুনঃখনন শুরু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈদারবালী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কাজের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহানদার আলী জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মোছা. জেসমিন আক্তার বানু, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জাহানদার আলী জাহান এমপি বলেন, “দীর্ঘদিন ধরে অবরুদ্ধ পানিতে দুর্গন্ধ ও আবর্জনা জমে এলাকার পরিবেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আজ স্থানীয় আপামর জনতার দাবির মুখেই এই খাল ও ড্রেন খননের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “অবৈধ দখলের কারণে শুধু মাদারীপুরেই নয়, সারা দেশের বহু জলাশয় অকার্যকর হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিচালিত পরিচ্ছন্নতা ও জলাশয় পুনরুদ্ধার অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ। এর মাধ্যমে এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে।”
নতুন প্রজন্মকে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “সব বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। আমাদের মূল লক্ষ্য- সবার আগে বাংলাদেশ।”
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা ও খনন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কাজ শেষ হলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার পাশাপাশি চরম ভোগান্তি থেকেও মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।



