বাংলাদেশ

‘ইউ গেট আউট ফ্রম দিস রুম’, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাগেরহাটে একটি মতবিনিময় সভা চলাকালে বারবার মুঠোফোন বেজে ওঠা এবং ফোনে কথা বলায় জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে তাকে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশও দেন মন্ত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত কয়েকজনের বরাতে জানা যায়, আইনমন্ত্রীর কাছাকাছি আসনে বসেছিলেন সিভিল সার্জন মাহবুবুল আলম। তার পাশে ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার।

সভা চলার সময় কয়েক দফা সিভিল সার্জনের মুঠোফোন বেজে ওঠে। একপর্যায়ে তিনি ফোন হাতে নিয়ে সভাকক্ষের বাইরেও চলে যান। তবে আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় আবারও তার ফোন বেজে উঠলে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান মন্ত্রী।

সিভিল সার্জনকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, “এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম।” তিনি আরও বলেন, ফোনের কারণে সিভিল সার্জন কয়েকবার সভাস্থল থেকে উঠেছেন-বসেছেন এবং এতে সভার পরিবেশ ও বক্তাদের মনোযোগ ব্যাহত হয়েছে।

এ সময় পেছন থেকে এক ব্যক্তিকে ‘বের হন’ বলতেও শোনা যায়। এরপর নিজের আসন থেকে উঠে দাঁড়ান সিভিল সার্জন মাহবুবুল আলম।

পরে আইনমন্ত্রী তাকে বলেন, “দিস ইজ ইনডিসেন্ট, দিজ ইস আ মিস কন্ডাক্ট।” একই সঙ্গে ফোন বন্ধ করে তাকে বসতে বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বারবার ওঠা-বসার কারণে বক্তাদের মনোযোগে বিঘ্ন ঘটেছে এবং সভার গুরুত্বপূর্ণ আলোচনায় এর প্রভাব পড়েছে।

পরে আইনমন্ত্রীর বক্তব্যের ওই অংশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button