বাংলাদেশ

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ছিনতাই করা মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়।

মামলার সূত্র অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button