গ্রাম বাংলাদেশবাংলা

ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নূর জাহানের

বাংলা টিভি ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর জাহান মারা গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, নূর জাহানের আকস্মিক মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা শোক প্রকাশ করে বলেন, নূর জাহান আপুর এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ডেঙ্গু কাড়ল একটি প্রাণ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

কিশোরী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত ভদ্র, নম্র ও সৃজনশীল একজন শিক্ষার্থী ছিল। বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার এই অকাল প্রয়াণে আমরা শোকাহত।

সংশ্লিষ্ট খবর

Back to top button