গ্রাম বাংলাদেশবাংলা

শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ার ভুইয়া (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনোয়ার ভুইয়া ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেকেন্দার ভুইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুমখাড়া ইউনিয়নের মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইতালি প্রবাসী জাহীদুল ঢালী এবং আনোয়ার ভুইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জায়গা নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। বুধবার বিকেলে এই জমি নিয়ে জাহিদুল ঢালী ও আনোয়ার ভুইয়ার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাহিদুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভুইয়া ও লিটনের মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার ভুইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকা নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আনোয়ার। আহত লিটন বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আনোয়ার ভুইয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাহিদুল ঢালীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কবরস্থানের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান। এ বিষয়ে এখনো মামলা দায়ের করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button