বাংলাদেশ

মাদক সন্দেহে ডোপ টেস্টের খবর পেয়েই উধাও চাঁদপুরের এসআই

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: ডোপ টেস্টের উদ্যোগের খবর পেয়ে দুই দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত এবং পলাতক রয়েছেন চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদ। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাসায় একাধিকবার খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

​নতুন বাজার পুলিশ ফাঁড়ি ও সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ফাঁড়িতে কর্মরত ১৮ পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের সন্দেহজনক আচরণ ও নিয়মিত মাদক সেবনের অভিযোগ ওঠে কর্তৃপক্ষের কাছে। এর সত্যতা যাচাই করতে তাঁকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় উচ্চপর্যায়।

​ডোপ টেস্টের বিষয়টি টের পেয়েই মামুন উর রশিদ কর্মস্থল থেকে দূরে সরে যান বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন পুলিশ সদস্যরা তাঁর সরকারি/ব্যক্তিগত বাসভবনে খোঁজ নিয়েও তাঁর নাগাল পাননি। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুদিন এসআই মামুনের বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে; কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও মঙ্গলবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। তাই ধরে নিচ্ছি তিনি আত্মগোপনে রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button