বাংলাদেশ

নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজ পড়ার সময় ৭৩ বছর বয়সী জাহানারা বেগমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) এবং আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় স্বর্পনিগৈড় গ্রামে নিজের বাড়ির বারান্দায় নামাজ পড়ছিলেন জাহানারা বেগম। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা করেন।

মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে ৯ আগস্ট, কাদির মিয়াকে ৩০ আগস্ট এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামিদের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের পেছনে চুরির পরিকল্পনার কথা উঠে এসেছে। প্রায় সাত থেকে আট মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় বসে জাহানারা বেগমের গলার সোনার চেইন চুরির পরিকল্পনা করা হয় বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বলেন, ঘটনার দিন এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তারা। জাহানারা বেগম নামাজরত অবস্থায় তার বাড়িতে ঢুকে গলার চেইন খুলে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে বিদ্যুৎ চলে এলে তিনি তাদের চিনে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও পিঠে আঘাত করে চেইন নিয়ে পালিয়ে যায় তারা বলে পুলিশের কাছে স্বীকার করেছে আসামিরা।

পুলিশ জানিয়েছে, লুট হওয়া সোনার চেইন উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার হৃদয় মিয়া ও কাদির মিয়ার বিরুদ্ধে আগেও পৃথক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button