পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক পরীক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের বাসায় ডেকে অর্থের বিনিময়ে উত্তরপত্রে লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকেও এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বোর্ডের অফিস আদেশে বলা হয়, সম্প্রতি এক পরীক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের নিজ বাসায় ডেকে নিয়ে অর্থের বিনিময়ে পরীক্ষার খাতায় লেখানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক মো. সেকেন্দার আলী ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের ডেকে এনে টাকার বিনিময়ে উত্তরপত্রে লিখিয়ে নম্বর বাড়িয়ে দিয়েছেন।
অভিযোগের সত্যতা যাচাই এবং বিষয়টি তদন্তের জন্য বোর্ডের পাঁচ কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেনকে।
কমিটির অন্য সদস্যরা হলেন— প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত) মোছা. সেলিনা পারভীন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম।
অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বোর্ড সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে নাম আসা মো. সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।



