বাংলাদেশ

‘আমার ছেলেকে কেন হত্যা করা হলো, এর জবাব চাই আমি এখন কেমনে বাঁচব’

বাংলা টিভি ডেস্ক: ‘কুমিল্লায় চাকরি করতে এসেছি—এটা কী আমার অপরাধ? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কীভাবে বাঁচব?’—নিখোঁজ ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এভাবেই বিলাপ করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর বাবা-মাকে সান্ত্বনা দিতে বাসায় ছুটে যান। এ সময় সন্তানের মৃত্যুতে বাবা-মায়ের বুকফাটা কান্না ও আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ঘটনার পর অপ্রতিমের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁকে কাছে পেয়ে অপ্রতিমের মা বলেন, ‘আমার একমাত্র ছেলে। তাকে কেন এভাবে হত্যা করা হলো?’

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এ এলাকার এমপি হিসেবে লজ্জিত ও দুঃখিত। একজন মাসুম বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। ৯০ দিনের মধ্যে এ ঘটনার বিচার শেষ করতে হবে।’

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছাকাছি জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

ঘটনার তদন্তে তুহিন নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি সানন্দা এলাকায়। তাঁর বাবার নাম নুরুল আলম। কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ঘটনার পর পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমি এখান থেকে যাওয়ার পর ঘটনাটি আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখব। তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে। প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশ এ ঘটনায় নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button