বাংলাদেশ

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও একজনকে আটক করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রমও এগিয়ে চলছে।

গ্রেপ্তারদের বয়স নিয়েও যাচাই চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে কয়েকজন কিশোর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও অন্য একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য যাচাই করে বয়স নিশ্চিত করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তারদের কর্মকাণ্ড অনেকটাই কিশোর অপরাধী চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে সময় কাটাত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত বড়।

অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধারের তথ্যও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ফোনটি মামলার প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তদন্তের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু আলামত সংগ্রহ করা হয়েছে, যেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এখন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, পুলিশ দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছে। ইতোমধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষে পুলিশ দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যার বিচারও তুলনামূলক কম সময়ে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button