বাংলাদেশ

হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

বাংলা টিভি ডেস্ক: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে হার্টের রিং বা করোনারি স্টেন্ট বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের বাইরে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি, রোগীদের সেবা দিতে হয়রানি এবং অন্যান্য অনিয়মের অভিযোগের ভিত্তিতে কমিশনের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে এনফোর্সমেন্ট টিম সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্টেন্ট স্থাপন করা কয়েকজন রোগীর তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র দৈবচয়ন পদ্ধতিতে সংগ্রহ করে। এসব নথিতে স্টেন্টের নির্ধারিত ও বিক্রয়মূল্য, রোগীদের কাছ থেকে নেওয়া অর্থসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা স্টেন্ট স্থাপন করা রোগীদের কাছ থেকেও সেবা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় বা হয়রানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে দুদকের দল।

অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button