সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি নিয়ে বিতর্কের পর সেটি ফেরত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি হাফেজদের কয়েকটি করে বই উপহার দেওয়া হয়েছিল। এসব বইয়ের মধ্যে ইসরায়েলি ইতিহাসবিদ নোয়া হারারির লেখা ‘নেক্সাস’-এর বাংলা অনুবাদও ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এসব বই তুলে দেন। পরে বই দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এরপর বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়। রোববার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়, রোববার দুপুরে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার তার দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন। এ সময় হাফেজদের পাশাপাশি তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বইগুলো ফেরত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর, আর্থিক সহায়তা ও অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকারি কার্যক্রম যথারীতি চলমান রয়েছে।



