পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে সীমান্ত এলাকার ৩৩ জন যুবকের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জিল্লুরসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৩ জন যুবক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে সনদপত্র পাওয়ায় স্থানীয় যুবকদের মধ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পাশাপাশি ভবিষ্যতে তারা নিজ উদ্যোগে কাজ করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।



