বাংলাদেশ

শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, ফুটন্ত পানিতে দগ্ধ ১

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার ফুটন্ত পানিতে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত মাহফুজকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধসহ বিভিন্ন কাজে সহযোগিতা নেওয়া হয়। রোববার ডিম সেদ্ধ শেষে ফুটন্ত গরম পানি সরিয়ে নেওয়ার সময় দুর্ঘটনাবশত মাহফুজ ওই পানিতে দগ্ধ হয়।

তবে কয়েকজন অভিভাবকের অভিযোগ, শিক্ষার্থীদের দিয়ে ডিম সেদ্ধ, শাক তোলা এবং এ ধরনের বিভিন্ন কাজ নিয়মিত করানো হয়। বিষয়টি নিয়ে তারা একাধিকবার আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

অভিযোগের বিষয়ে মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ওই গরম পানি মাহফুজের ওপর পড়ে সে দগ্ধ হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button