বাংলাদেশ

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী।

পারিবারিক সূত্র জানায়, মরিয়ম খাতুনের মরদেহ সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে গাবুরায় পৌঁছায়। এর আগেই স্থানীয়ভাবে তার দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছিল। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গোসল ও জানাজা শেষে রাত পৌনে ১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা।

উল্লেখ্য, মরিয়ম খাতুন ছিলেন গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার অধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button