কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাংলা টিভি ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে আজই সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা, নগর ও রাজধানীর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়বে। অর্থাৎ আগের ভাড়ার সঙ্গে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা যোগ হবে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, পরিবহন মালিকরা বিআরটিএর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর ও জেলা—সব এলাকার পরিবহনেই নির্ধারিত ১৭ পয়সা হারে ভাড়া বাড়বে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে বিভিন্ন রুটে নন-এসি বাসের আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে নামিয়ে তুলনামূলক আরামদায়ক করা হয়েছে। এসব বাসে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সেতু ও সড়কের টোলও যাত্রীদের কাছ থেকে আদায় করা হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় দূরপাল্লা ও নগর পরিবহনের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।



