‘মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরাধ হলে শাস্তি আমি পাব, ছেলে কেন?’

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম অভিযোগ করেছেন, তাঁর ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. নাহিদা বেগম।
তিনি বলেন, বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর ছেলেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা চলছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনের সময় তিনি বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলেও জানান। ওই ঘটনার জেরে তাঁর ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তা তিনি মেনে নেবেন না বলে মন্তব্য করেন।
নাহিদা বেগম বলেন, তাঁর কোনো অপরাধ হয়ে থাকলে তার জন্য তাঁকেই শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি তাঁর অপরাধ হয়ে থাকে, তাহলে সেই দায়ও তিনি নিতে প্রস্তুত। কিন্তু এর জন্য তাঁর ছেলেকে কেন প্রাণ দিতে হবে—এ প্রশ্ন তোলেন তিনি।
অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁর মা। তাঁর দাবি, বিভিন্নভাবে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে যে অপ্রতিমও ওই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তবে তাঁর ছেলে এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তিনি।
ড. নাহিদা বেগম বলেন, তিনি শুধু নিজের ছেলের হত্যার বিচার চান না। হত্যাকাণ্ডে জড়িতরা ভবিষ্যতে মুক্ত হয়ে আবারও অন্য শিশু-কিশোরদের জীবন বিপন্ন করতে পারে—এ নিয়েও তিনি উদ্বিগ্ন। তাই অপ্রতিম হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।



