বাংলাদেশ

বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ভারত সরকার। দেশটির ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) স্কিমের আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দরাবাদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণসহ যাতায়াত ও থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণটি মূলত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য পরিকল্পনা করা হয়েছে।

প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্থানীয় স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগও থাকবে।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সাংবাদিকদের সনদপত্র দেওয়া হবে। এ ছাড়া নির্বাচিত সাংবাদিকদের ঢাকা থেকে হায়দরাবাদ যাওয়া-আসার বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, আবাসন এবং দৈনন্দিন খরচের ভাতাসহ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যয় ভারত সরকার বহন করবে বলে জানিয়েছে হাইকমিশন।

এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগ্রহী সাংবাদিকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সাংবাদিকদের নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button