লক্ষ্মীপুরে চারদিন ধরে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থী, থানায় জিডি

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে নিখোঁজ রয়েছে ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী। নিখোঁজ দুজন হলো আরাফাত সায়েম ও ইকরামুল হাসান মিনহাজ। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন। তাদের স্বজনরা জানান, ওই দিন সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসেনি।
আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।
পরিবারের সদস্যরা জানান, দুই শিক্ষার্থী বাড়িতে না ফেরায় প্রথমে আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। কোথাও সন্ধান না পেয়ে পরে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে সন্তানদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। তারা নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পেলে দ্রুত পরিবারকে জানানোর অনুরোধ জানিয়েছেন।
সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তারা সবার সহযোগিতা কামনা করছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া জানান, সায়েম ও মিনহাজের নিখোঁজের বিষয়ে থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।



