রাজনীতি

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

বাংলা টিভি ডেস্ক: ককটেল কিংবা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, কোনো পক্ষ নতুন করে দেশে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, অতীতে পল্টন ময়দানে পুলিশ বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছিল। একপর্যায়ে গুলি শেষ হয়ে গেলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় এবং নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ব্যারাকে ফিরে যেতে বাধ্য করেছিলেন বলে তিনি দাবি করেন।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপসংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গ টেনে নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অতীতে সংগঠনের নেতাকর্মীরা কামান, চায়না রাইফেল ও একে-৪৭-এর গুলির মুখোমুখি হয়েছেন বলেও তিনি দাবি করেন।

রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে তিনি আরও বলেন, যুবদল শৃঙ্খলা বজায় রেখেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে কেউ সংগঠনটির দিকে হুমকির ভঙ্গিতে তাকালে কিংবা রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

নয়ন আরও বলেন, অতীতে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল, ভবিষ্যতে কেউ নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরও জনরোষের মুখোমুখি হতে হবে।

সমাবেশে তিনি নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো পক্ষ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button