বাংলাদেশ

ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খাওয়ায় যুবককে মারধর, আদালতের জরিমানা

বাংলা টিভি ডেস্ক: ক্ষুধার্ত অবস্থায় খাবার কেনার মতো টাকা ছিল না। এ সময় যশোর রেলস্টেশনে এক ব্যক্তির হাতে খাবারের প্যাকেট দেখে সেটিকে ভাতের প্যাকেট মনে করে নিয়ে নেন নুর মোহাম্মদ। কিন্তু প্যাকেট খুলতেই তার ভুল ভাঙে—ভেতরে ভাত নয়, ছিল মিষ্টি। প্রচণ্ড ক্ষুধার কারণে সেখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি।

ঘটনাটি দেখে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পরদিন বুধবার নুর মোহাম্মদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি) সামনে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল তাকে ৫০ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ পরিশোধ করে তিনি মুক্তি পান।

নুর মোহাম্মদ জানান, তার বাড়ি নড়াইলে। তিনি যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে রেলস্টেশনে অপেক্ষা করার সময় প্রচণ্ড ক্ষুধা লাগলেও তার কাছে খাবার কেনার মতো কোনো টাকা ছিল না। তখন এক ব্যক্তিকে খাবারের প্যাকেট হাতে যেতে দেখে তিনি সেটিকে ভাতের প্যাকেট মনে করে নিয়ে নেন। পরে প্যাকেট খুলে মিষ্টি দেখতে পান এবং ক্ষুধার তাড়নায় কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন।

আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান জানান, নুর মোহাম্মদের কথা শুনে এক ব্যক্তি তাকে ১০০ টাকা দেন। সেই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করা হয়। বাকি ৫০ টাকা হাতে নিয়েই বাড়ির উদ্দেশে রওনা দেন নুর মোহাম্মদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button