বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুষ্টুমি করায় নাতনিকে বেত দিয়ে শাসন করেন হোসনে আরা বেগম। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন জমিলা আক্তার। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন প্রতিবেশী রাশেদসহ কয়েকজন।
এ সময় রাশেদের মাথায় লাঠির আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, বউ-শাশুড়ির মধ্যে ঝামেলার একপর্যায়ে রাশেদের মাথায় আঘাত লাগে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।



