বাংলাদেশ

ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর থানার আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টাঙ্গাইল জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে আসে। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, সাইকেলে করে আসা এক ব্যক্তি টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে ভাসানি রোডে টাঙ্গাইল শিক্ষাদীক্ষা একাডেমির সামনে এক অজ্ঞাতপরিচয় নারীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন।

ভিডিওটি পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্তকে শনাক্তে অভিযান শুরু করে সদর থানা পুলিশ। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে অনুসন্ধান চালানো হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, স্থানীয় সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় শনাক্ত করে। পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা হয়েছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর দ্রুত সিসিটিভি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button