বাংলাদেশ

কুমিল্লায় একরাতে ৬২৪ কিশোর গ্যাং সদস্য আটক

বাংলা টিভি ডেস্ক: কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতভর জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোর-তরুণদের ছিনতাই, ইভটিজিং ও বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন স্থানেও অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ৬২৪ জনের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। কিশোর ও তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানোর পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button